পিএফএম সংস্কার কৌশল (২০১৬–২০২১)-এর আওতায় প্রণীত পিএফএম কর্মপরিকল্পনা (২০১৮–২০২৩)-এ অগ্রাধিকারপ্রাপ্ত সংস্কার কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা প্রদান করা হয়েছে। এতে ১৪টি বিষয়ভিত্তিক সংস্কার উপাদানের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। কম্পোনেন্ট-১০: আর্থিক প্রতিবেদন (Financial Reporting)-এর আওতায় অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিরীক্ষা অগ্রগতি পর্যবেক্ষন স্কিম (Internal Audit and Audit Follow-up Scheme) সরকারি কার্যক্রমে বিদ্যমান অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠানসমূহের কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবীক্ষণমূলক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হয়েছে। Strengthening Public Financial Management to Enable Service Delivery (SPFMS) কর্মসূচির আওতায় বৃহত্তর পিএফএম সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে অর্থ বিভাগ সরকারি খাতে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমের সূচনা করেছে। অভ্যন্তরীণ নিরীক্ষা মূলত মন্ত্রণালয়/বিভাগের প্রধান হিসাবদানকারী কর্মকর্তা (Principal Accounting Officer—PAO)/সচিবকে স্বাধীন ও নিরপেক্ষ নিশ্চয়তা এবং পরামর্শমূলক সেবা প্রদান করে। এর মাধ্যমে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণ, ঝুঁকি চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনা, সুশাসন উন্নয়ন এবং সরকারি কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করা হয়।


লক্ষ্য ও উদ্দেশ্য

উদ্দেশ্য:

১. নির্বাচিত উচ্চ ব্যয়কারী ও ঝুঁকিপূর্ণ মন্ত্রণালয়/বিভাগসমূহে আধুনিক অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম প্রতিষ্ঠা করা, যা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা পদ্ধতি ব্যবহার করবে; এতে প্রাতিষ্ঠানিক সমস্যার ওপর গুরুত্বারোপ করা হবে এবং ব্যবস্থাপনাকে স্বাধীন ও বস্তুনিষ্ঠ পরামর্শ প্রদান করা হবে।

২. বার্ষিক ক্রয়-পরবর্তী পর্যালোচনা পরিচালনার জন্য একটি ব্যবস্থা প্রবর্তন করা এবং ক্রয় ও চুক্তি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সুপারিশকৃত কার্যক্রম বাস্তবায়নে অনুসরণ নিশ্চিত করা।